গানের পাশাপাশি বৈচিত্র্যময় লাইফস্টাইল ও অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। এবার সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে পোশাক নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এ তারকা। কারণ পারফর্মের সময় তার পরনে ছিল শুধু হাফপ্যান্ট আর মোজা; যা নিয়ে এখন আলোচনায় এই শিল্পী। জানা গেছে, হঠাৎ করে বিবারকে এমন অবস্থায় দেখে একরকম হতচকিয়ে যান আয়োজক ও বিচারকরা। আর বিবারের এমন খামখেয়ালি পোশাকের বিষয়ে আগে থেকে কিছুই জানতেনও না তারা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, বিবার যে এমন পোশাকে পারফর্ম করবেন, তা তিনি আগে থেকে কাউকেই জানাননি। বলেন, আমার মনে হয় না মঞ্চে ওঠার আগ পর্যন্ত তিনি ঠিক করেছিলেন কী পরবেন। সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও তিনি কোনো আভাস দেননি, শুধু বলেছিলেন- মঞ্চে উঠে গান গাইবেন।