ভালোবাসা দিবসে স্বামী আদনান আল রাজীবকে নিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে হৃদয়ের গভীর কথা বলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের এক বছর পূর্তি ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা, কৃতজ্ঞতা আর নির্ভরতার বার্তা দিয়েছেন তিনি। মেহজাবীন জানান, আজও যদি নতুন করে জীবন শুরু করার সুযোগ আসে, তিনি আদনানকেই বেছে নিতেন। মেহজাবীন বলেন, একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান। প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় মেহজাবীন প্রথমবারের মতো দর্শকদের মুগ্ধ করেন। এরপর নাটকের জগতে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। সেই সময়েই পরিচয় হয় নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে, যিনি ক্যামেরার পেছনে থেকে গল্পে প্রাণ এনে দেন।