অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। রবিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল এই অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। নির্মাতা জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর টিউমার অপসারণ করা হয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল আহমেদ আরও বলেন, ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। পোস্ট-অপারেটিভ জটিলতার ঝুঁকি থাকে, তাই এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন। চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্ধারিত চিকিৎসা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ সময়ে হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধও জানানো হয়েছে। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।