বলিউড মানেই জাঁকজমক-জলুস আর গ্ল্যামারের দুনিয়া। অথচ এই জলুসের পেছনে এমন কিছু স্ক্যান্ডাল ছিল, যা তারকাদের ক্যারিয়ার শেষ করে দিয়েছে। বলিউডে এমন ভয়ংকর কয়েকটি স্ক্যান্ডালের কথা তুলে ধরেছে - শোবিজ ডেস্ক
মমতা কুলকার্নি
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মমতা কুলকার্নি। গ্ল্যামারাস লুক আর সাহসী ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে মাদক পাচার কাণ্ডে জড়িয়ে তাঁর ক্যারিয়ারের ভরাডুবি হয়। ২০১৬ সালে কেনিয়ার ২০ মিলিয়ন ডলারের মাদক পাচার কাণ্ডে সন্দেহভাজন হিসেবে নাম উঠে এসেছিল মমতা এবং তার স্বামীর।

ফারদিন খান
বলিউডে ভালোভাবেই ক্যারিয়ার শুরু করেছিলেন ফারদিন খান। কিন্তু মাদক রাখার অপরাধে ক্যারিয়ারে ভরাডুবি হয়েছিল তাঁর। ২০০১ সালে কোকেন রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ফারদিন খান। খবর জানাজানি হতেই স্বচ্ছ ভাবমূর্তি একেবারেই নষ্ট হয়ে যায় অভিনেতার।
শক্তি কাপুর
এক খবরের চ্যানেলের স্টিং অপারেশনে ধরা পড়েছিলেন শক্তি কাপুর। উঠতি অভিনেত্রী সেজে এক সাংবাদিক ওই অপারেশনটি চালিয়েছিলেন। দেখা যায়, অভিনেত্রীরূপী ওই সাংবাদিককে তিনি কাস্টিং কাউচের ব্যবস্থা করে দেওয়ার কথা বলছেন। এই ভিডিও জাতীয় টেলিভিশনে সম্প্রচার হতেই ভাবমূর্তি নষ্ট হয়ে যায় অভিনেতার।
মণিকা বেদি
নব্বইয়ের দশকে মণিকা বেদির ক্যারিয়ারর উত্থান হচ্ছিল ধীরে ধীরে। কিন্তু কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। ২০০২ সালে ভুয়া কাগজপত্র নিয়ে পর্তুগালে প্রবেশ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় মণিকা আর আবুকে। সে সময়ই বিষয়টি প্রকাশ্যে আসে। আর গ্রেপ্তারের পর মণিকার ভাবমূর্তি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল।
শাইনি আহুজা
বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন শাইনি আহুজা। ‘গ্যাংস্টার’ এবং ‘ও লামহে’-র মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং দোষী সাব্যস্তও হন শাইনি। সেই ঘটনার জেরে তার ক্যারিয়ার থমকে গিয়েছিল।
সোহা আলি খান
অভিনেত্রী সোহা আলি খান তাঁর অজান্তেই একটি স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন। এরপর থেকেই নাকি তাঁর ফিল্মি ক্যারিয়ার নিম্নগামী হয়। ঘটনাটি ঘটেছিল এক পারলারকে কেন্দ্র করে। এটি শুধু সোহার জন্য নয়, যেকোনো মহিলার জন্য এক শিক্ষা। তিনি একটি পারলারে গিয়েছিলেন এবং একটি বিকিনি পরে নিজের জামা কাপড় খোলা অবস্থায় ওয়াক্স করছিলেন। সেই দৃশ্যটি কোনোভাবে ভিডিও রেকর্ড করা হয়েছিল এবং তা ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে নেতিবাচক প্রভাব তৈরি হয়। যা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।