ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই যুক্ত হয় নিত্যনতুন সব বিষয়। ইত্যাদির এ বিষয়গুলোই পর্বটি করে ব্যতিক্রমী। এ বিষয়ভিত্তিক তারকাবহুল মিউজিক্যাল ড্রামা ইত্যাদিতেই প্রথম শুরু করেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদে উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নানান সমস্যা নিয়ে থাকবে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন-তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ। ইদানীংকালে যুগের বাতাসে যেন বিশ্বাস ভঙ্গের গন্ধ! এই বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তাদের সঙ্গে বিক্রেতা হিসেবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার। মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।