বাংলাদেশের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্ররা সমবেত হয়েছিলেন এক মঞ্চে, এক আয়োজনে। প্রাচীন পুণ্ড্রু নগরী বগরা বর্তমানে বগুড়া যেন হয়ে উঠেছিল সংগীত জগতের তারাদের এক মহামিলন মেলা। উপলক্ষ বিশতম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ৭ এপ্রিল সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আরও বক্তব্য রাখেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এরপর আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার নাম ঘোষণা করেন অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমি। কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে, সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন ফরিদুর রেজা সাগর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ড. হোসনে আরা বেগম এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পরিচালক জহিরউদ্দীন মাহমুদ মামুন, পরিচালক মুকিত মজুমদার বাবু।

কনকচাঁপার হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বিশেষ সম্মাননা প্রাপ্ত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকেও তাঁরা উত্তরীয় পরিয়ে, তাঁর হাতেও সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন। খ্যাতিমান কণ্ঠশিল্পী রফিকুন্ডল আলম, ফেরদৌস আরা, অণিমা রায়, চ্যানেল আই সেরা কণ্ঠ ও খুদে গান রাজদের সমবেত কণ্ঠে-ধন ধান্য পুষ্প ভরা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং আমার চ্যানেল আই গানের মধ্য দিয়ে সূচনা হয় জাঁকজমকপূর্ণ এই আয়োজনের। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের পাশাপাশি ভিন্ন ভিন্ন পারফরম্যান্সে অংশগ্রহণ করেন, শিল্পী তানভীর আলম সজীব ও তার দল, মেহরীণ ও মাহতিম সাকিব, মো. খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহীন, ঝিলিক, কিশোর ও অভিনেত্রী অপু বিশ্বাস এবং অভিনেতা আদর আজাদ। এ ছাড়াও সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ এবং নীল হুরে জাহান।
শোবিজ প্রতিবেদক