অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এখন নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজও শেষ হয়েছে। সব মিলিয়ে তিনটি নতুন সিনেমা আসছে তার। কিছুদিন আগে কুন্ডয়াকাটায় শুটিং করেছেন মিম। কাজী আজাদ পরিচালিত ‘লাইফ লাইন’ নামের ওয়েব ফিল্মে মিমকে দেখা যাবে নতুন একটি চরিত্রে এবং নতুন গল্পে। ‘লাইফ লাইন’ ওয়েব ফিল্মটি মিম অভিনীত চরিত্রের জীবনের নানা ঘটনাকে ঘিরে নির্মিত হয়েছে। মিম বলেন, ‘লাইফ লাইন ওয়েব ফিল্মের শুটিং করেছি কুন্ডয়াকাটায়। মনোরম লোকেশনে কাজ করেছি। অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। খুব ভালো একটি কাজ হয়েছে। সামনেই মুক্তি পাবে এটি।’ মিম বলেন, নতুন কাজগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন।’ এদিকে ‘জীবন অপেরা’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন মিম। পরিচালনা করছেন আলভী আহমেদ। সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার শুটিং শেষ করেছেন সাবেক লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। ওই সিনেমায় প্রায় চার বছর বিরতির পর মিম ও আরিফিন শুভ জুটি হয়েছেন। এর সর্বশেষ ‘সাপলুডু’ সিনেমায় তারা জুটি হয়েছিলেন। মিম বলেন, ‘দর্শকরা আমাকে ও আরিফিন শুভকে অনেক দিন পর একসঙ্গে দেখতে পারবেন। কাজটি ভালো হয়েছে।’
শোবিজ প্রতিবেদক