সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এতে নজরকাড়া পারফরম্যান্স করে চলচ্চিত্রের রাফ অ্যান্ড টাফ হিরোখ্যাত আদর আজাদ তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। বগুড়ায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তার সঙ্গে জুটি বেঁধে ছিলেন নায়িকা অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে উচ্ছ্বসিত আদর আজাদ বলেন, ‘আমার সৌভাগ্য যে, আমি ফরিদুর রেজা সাগর সাহেবসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এমনকি তথ্যমন্ত্রীর সামনে মঞ্চে পারফরম্যান্স করে তাঁদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছি। এ আমার জন্য এক বিশাল প্রাপ্তি। আমি আমার প্রিয় দর্শকদের আগামীতে আরও ভালো কাজ দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে চাই।’ চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতায় ২০১৪ সালের চ্যাম্পিয়ন আদর আজাদ শুরুতে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও একটা সময় এসে সিনেমায় নিয়মিত হন।
কয়েক বছর ধরে টানা সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। এর আগে মাহিয়া মাহি, নিশাত সালওয়া, পূজা চেরী, শবনম বুবলীদের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন এবং ব্যতিক্রমী অভিনয়ের ধাঁচ দিয়ে সহজেই দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। এবার তিনি পর্দায় জুটি হয়েছেন অপু বিশ্বাসের বিপরীতে ‘সিক্রেট’ ছবিতে। আদর আজাদের ছবির তালিকা ঘেঁটে দেখা যায়, নায়িকাদের মধ্যে তার বিপরীতে সবচেয়ে বেশি অভিনয় করেছেন শবনম বুবলী। আদর আজাদ হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে সেখান থেকে ইন্টার্নের জন্য দেশের অভিজাত হোটেল ওয়েস্টিনের রিসেপশনে যোগ দিয়েছিলেন। চার মাস চাকরি করে সেখানে স্থায়ীও হন। সেই পাঁচতারকা হোটেলের রিসেপশনে চাকরির সময় ২০১৪ সালে চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আদর। সেই প্রতিযোগিতায় তার ভাগ্য বদলে যায়। রাতারাতি পরিচিতি পান। চাকরি ছেড়ে মিডিয়াতে নিয়মিত হন। বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে থাকেন।
প্রথম চলচ্চিত্র ‘তালাশ’-এ একজন রকস্টার চরিত্রে অভিনয় করে প্রশংসা পান আদর আজাদ। এরপর তিনি ‘লাইভ’, ‘যাও পাখি বলো তারে’, ও ‘যন্ত্রণা’, টগর’সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’, জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’সহ আরও বেশ কয়েকেটি ছবিতে অভিনয় করছেন এই প্রতিশ্রুতিশীল রাফ অ্যান্ড টাফ হিরো আদর আজাদ।