আসন্ন ঈদুল আজহা ঘিরে সিনে অঙ্গনে এখন ‘রকস্টার’ সিনেমার উন্মাদনা। ঢাকাই মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। সদ্য মুক্তি পাওয়া সিনেমাটির ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত এবং কারাবন্দি লুকে শাকিবকে দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন।
এবার পর্দার বাইরে এক ইভেন্টে ঝলমলে ও প্রাণোচ্ছল লুকে হাজির হলেন এই শীর্ষ নায়ক। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাকিব খান। মূলত একটি গালা নাইটে অংশ নিয়েছিলেন নায়ক।
সেখানে তাঁকে এক নতুন স্টাইলিশ লুকে দেখা যায়। চোখে আধুনিক সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজার এবং মুখে চওড়া হাসি। ছবির ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তোমাদের সবার সঙ্গে এ ধরনের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই!’
শাকিবের এই পোস্টটি দেখেই ভক্তরা তাঁর লুকের প্রশংসায় পঞ্চমুখ। কেউ তাকে ‘কিং খান’ বলে সম্বোধন করছেন, আবার কেউ লিখেছেন, ‘আসল রকস্টার তো আপনিই ভাই’।
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীত শিল্পীর ভূমিকায়। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন সাবিলা নূর। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।