কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আবারও নতুন গানে কণ্ঠ দিলেন। ‘না বলা গল্প’ শিরোনামের নতুন এই গানে তাঁর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। ‘না বলা গল্প’ গানটির কথা লিখেছেন ইঞ্জিনিয়ার সামছুল আলম। সুর করেছেন রাজেশ ঘোষ এবং সংগীতায়োজন করেছেন রনি হোসাইন। যিনি অডিও জগতে এমএমপি রনি নামে পরিচিত। নতুন গানটি নিয়ে সংশ্লিষ্ট সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মোমিন বিশ্বাস বলেন, ‘একজন শিল্পী ও শ্রোতা হিসেবে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ গর্বের।’
দীর্ঘদিন পর আবারও সাবিনা ইয়াসমিনের সঙ্গে কাজ প্রসঙ্গে সুরকার রাজেশ ঘোষ বলেন, ‘অনেক দিন পর এমন সুযোগ হলো। আপার সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দের। মোমিনও দারুণ গেয়েছে।’ নতুন গানটি নিয়ে আশাবাদী সাবিনা ইয়াসমিন নিজেও। তিনি বলেন, ‘গানের কথা ও সুর দুটোই খুব সুন্দর হয়েছে। গানটি গাইতে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে।’ সংগীতায়োজক এমএমপি রনিও অভিজ্ঞতা ভাগ করে বলেন, ‘এমন গুণী শিল্পীদের সঙ্গে কাজ করলে নতুন অনেক কিছু শেখার সুযোগ তৈরি হয়। পুরো কাজটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই বিশেষ মিউজিক্যাল ফিল্ম আকারে ‘না বলা গল্প’ প্রকাশ করা হবে।