প্রাচীন ঐতিহ্যের নগরী সৌদি আরবের জেদ্দার আলবালাদ। ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বায়নের অপূর্ব মিশেল এই শহরটিতে গত পাঁচ বছর ধরে জড়ো হন বিশ্বের সেরা চলচ্চিত্রকার, তারকা আর সৃষ্টিশীল ব্যক্তিরা।
এই অনুষ্ঠানে অংশ নিয়ে সবার নজর কাড়লেন বলিউড তারকা সালমান খান। অংশ নিলেন মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোবসের গালা ডিনারে। পাশাপাশি একই ফ্রেমে ধরা দিলেন হলিউড তারকা ইদ্রিস এলবা ও এডগার রামিরেজের সঙ্গে। উৎসবের অফিসিয়াল সামাজিকমাধ্যমে প্রকাশিত সেইসব ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে।
সন্ধ্যার বিভিন্ন ছবিতে দেখা যায়, সালমান খান ইদ্রিস এলবা, এডগার রামিরেজ, ওলগা কুরিলেঙ্কো, ইমাদ ইস্কান্দারসহ আরও বহু আন্তর্জাতিক তারকার সঙ্গে পোজ দিচ্ছেন। কালো স্যুট, কালো টাই আর ক্লাসিক স্টাইলিংয়ে সজ্জিত সালমান পুরো সময়টিই ছিলেন হাসিখুশি-অতিথিদের সঙ্গে কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ক্যামেরার সামনে দিয়েছেন মনোমুগ্ধকর সব ফ্রেম।
এক প্রতিক্রিয়ায় সালমান বলেন, আমি এখানে আসতে খুব ভালোবাসি। সৌদিকে আমি পছন্দ করি। এখানকার সংস্কৃতি অনেকেরই ভালো লাগে। আমি এখন বেশ ঘনঘন আসছি, তাই ভালোই লাগছে।’
সালমান খান বর্তমানে গালওয়ান যুদ্ধনির্ভর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অপুর্ব লাখিয়া নির্মাণ করছেন এ ছবি, যেখানে ভারত–চীন সংঘর্ষের কঠোর বাস্তবতা উঠে আসবে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিংও।
বিডি প্রতিদিন/কামাল