জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী–২০২৫। বৃহস্পতিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ।
এ বছর নবীন ১৯১জন শিল্পীর ২১৫টি শিল্পকর্মের মধ্যে চুলচেরা যাচাই বাছাই করে ১০টি শিল্পকর্মকে পুরস্কৃত করে নবীন শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রদর্শনী ১১-২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উল্লেখ্য এবারের মেলার অন্যতম গুরুত্বপূর্ণ কিউরেটড পর্বে অংশগ্রহণকারী শান্ত-মারিয়ামের প্রজেক্ট ‘কম্পননামা’ আলোচনার ঝড় তুলেছে।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থাপনাশিল্প প্রজেক্ট ‘কম্পননামা’ প্রাচীন মিথ থেকে সমসাময়িকদুর্যোগের এক শিল্পভাষা।ফাইন আর্টস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম খানের কিউরেটিং-এ এবং সহকারী কিউরেটর মোহাম্মদ মাহমুদুল হাসানের সমন্বয়ে ১২ সদস্যের টিম প্রজেক্টটি তৈরি করেন।
মহিষের মাথা, ভাঙা নগরী ও প্রতীকের ভাষাঃ
স্থাপনাশিল্পটির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশাল মহিষের মাথা-যা পৃথিবী কোনো প্রাণীর উপর দাঁড়িয়ে আছে-এমন প্রাচীন লোকবিশ্বাসকে প্রতিফলিত করে। মরিচাধরা ধাতব টেক্সচারের মাথা শক্তি ও প্রাচীনত্বের ধারণা সৃষ্টি করে। শিং-এর উপর থাকা রঙিন চাকা জীবনচক্র ও সময়ের প্রতীক।
পেছনে দেখা যায় ফাটলধরা, বিপর্যস্ত এক নগরী—যা ভূমিকম্পের ধ্বংসযজ্ঞকে নাটকীয়ভাবে ফুটিয়ে তোলে। ছড়িয়ে থাকা পিঁপড়া, গভীর ভূ-ফাটল, এবং কমলা–লাল আলোর প্রতিফলন প্রকৃতির শক্তি ও মানবজীবনের ভঙ্গুরতাকে ইঙ্গিত করে।
উদ্বোধনের প্রথমদিনেই ‘কম্পননামা’ দর্শক, শিল্পী ও সমালোচকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে এ বছরের প্রদর্শনীর “সবচেয়ে চিন্তাশীল ও ধারণাভিত্তিক কাজ” হিসেবে উল্লেখ করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম