বর্ষীয়ান বলিউড অভিনেত্রী ‘জয়া বচ্চন বনাম পাপারাজ্জি’ বিতর্কে সরব বলিপাড়া। ফটোশিকারিদের নিয়ে প্রবীণ এই অভিনেত্রীর মন্তব্য নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন অনেকেই। এবার সে তালিকায় নাম লেখালেন নতুন প্রজন্মের অভিনেত্রী হুমা কুরেশি।
সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমা বলেন, আমার মনে হয় না পাপারাজ্জিদের নিয়ে এই ধরনের মন্তব্য একেবারেই ঠিক। কারণ, আমরাই বহু সময় নিজেদের প্রচারের জন্য তাদের ব্যবহার করি। তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্কটা সূক্ষ্ম এক সুতোয় বাঁধা। এটা একতরফা নয়।
তার মতে, পাপারাজ্জিরা তারকাদের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, অনেকসময় তারকারাই আলাদাভাবে পাপারাজ্জিদের ডাকেন নিজেদের প্রচারের জন্য। তাই আমি একেবারেই তাদের অপরাধী বলতে চাই না।
তবে একই সঙ্গে পাপারাজ্জিদের নেতিবাচক দিকও স্বীকার করেন হুমা। তার কথায়, কিছু ক্ষেত্রে তারা সীমা ছাড়িয়ে যান। ব্যক্তিগত মুহূর্তে অনধিকার প্রবেশ করেন এবং এমন অ্যাঙ্গেলে ছবি তোলেন যা একেবারেই গ্রহণযোগ্য নয়। একজন অভিনেত্রী হিসেবে আমাকে এরকম পরিস্থিতির মুখোমুখি বহুবার হতে হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক আলাপচারিতায় পাপারাজ্জিদের সম্পর্কে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেন জয়া, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ঐতিহ্যবাহী মিডিয়ার প্রতি তার দারুণ শ্রদ্ধা থাকলেও, পাপারাজ্জিদের সঙ্গে তাঁর সম্পর্ক ‘শূন্য’।
তার কথায়, এরা (পাপারাজ্জি) কারা? এদের কি দেশের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য কোনো প্রশিক্ষণ আছে? আপনি এদের মিডিয়া বলেন? আমি মিডিয়া থেকে এসেছি, আমার বাবা সাংবাদিক ছিলেন। আমি এমন মানুষদের প্রতি বিপুল সম্মান রাখি। তিনি পাপারাজ্জিদের পেশাদারত্ব ও প্রশিক্ষণের অভাব নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি তাদের পোশাক নিয়েও ‘আপত্তিকর’ মন্তব্য জুড়ে দেন।
জয়ার এমন মন্তব্যের বিরোধিতা করে কিছুদিন আগে আরেক বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা বলেন, পাপারাজ্জিরা খুবই সুন্দরভাবে পোশাক পরেন। জয়া বচ্চন বলেছেন যে, তারা নাকি খারাপ পোশাক পরেন বা টাইট প্যান্ট পরেন। তবে আমার মনে হয় তারা খুব ভালোভাবে সজ্জিত এবং পরিচ্ছন্ন থাকেন। পাশাপাশি নিজেদের কাজ খুব নিষ্ঠার সঙ্গে করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি