অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয়েছিল ট্রেনের আদলে। এই ট্রেনের যাত্রী হলেন একঝাঁক তারকা। এরপর সেই ট্রেন অবস্থান করা যাত্রীদের ডাকা হলো সেই নামে। এরপর একে একে ট্রেন থেকে আসেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজের মত তারকারা।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ নামে যে সিনেমা নির্মাণের ঘোষণার আগে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে বাজিমাত করেছিল নির্মাতা তানিম নূরের পারিবারিক গল্পে নির্মিত সিনেমা ‘উৎসব’। শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়। জানানো হয়, আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাসে অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। তার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যায় কাহিনি। নির্মাতা সেই গল্পই পর্দায় তুলে ধরবেন, সঙ্গে থাকছে নতুন চমক। তবে কী সেই চমক, তা জানা যাবে বনলতা এক্সপ্রেস মুক্তির পর।
বনলতা এক্সপ্রেস প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন, ‘উৎসব শেষ করার পর নতুন সিনেমা নিয়ে যখন পরিকল্পনা করছিলাম, অনেকে পরামর্শ দিল আরেকটা পারিবারিক গল্প নিয়ে কাজ করতে। তখন ভাবলাম, হুমায়ূন আহমেদের কোনো গল্প নিয়ে কাজ করা যায়। সেই ভাবনা থেকেই ‘কিছুক্ষণ’ উপন্যাস নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণের প্রস্তুতি শুরু।’
সিনেমাটি নিয়ে তারকাদের উচ্ছ্বাসের সীমা নেই। কারণ কথার জাদুকর হুমায়ূন আহমেদের সিনেমা মানেই ভিন্ন কিছু। আর সেই সিনেমার পরিচালক যখন তানিম নূর তখন এই ভিন্নতার সাথে যুক্ত হবে নতুনত্ব। দীর্ঘদিন পর হুমায়ূন আহমেদের সিনেমায় যুক্ত হতে পেরে তারা আনন্দিত।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল তখন আমার মেয়ে বলেছে তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর হতাশাগ্রস্ত চরিত্রে দেখা যায়। তাই আমার মেয়ের ইচ্ছে ছিল আমাকে উচ্ছ্বসিত কোনো চরিত্রে দেখার। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।’
মোশাররফ করিম বলেন, ‘চরিত্রের প্রেমে পড়েই এই সিনেমায় যুক্ত হওয়া। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ দারুণ লেগেছে। বনলতা এক্সপ্রেসে সহশিল্পী যারা আছেন, তারা আমার অনেক দিনের সঙ্গী। সবাই মিলে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’
জাকিয়া বারী মম বলেন, ‘বনলতা এক্সপ্রেসে উঠে পড়ার অন্যতম কারণ হচ্ছে এর ড্রাইভার তানিম নূর। এ ছাড়া যাত্রাপথে সহযাত্রীরা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমার সহযাত্রীরা সবাই দুর্দান্ত। আশা করি দারুণ একটি যাত্রা হবে আমাদের।’
নির্মাতা জানান, তারকাবহুল এই পারিবারিক সিনেমা আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিডি প্রতিদিন/কামাল