বিশ্বখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই তাদের সর্বশেষ ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ রিপোর্টে সংগীতজগতের আয়ের এক বিস্ময়কর চিত্র তুলে ধরেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মিউজিক ইন্ডাস্ট্রিতে রেকর্ড ১১ বিলিয়ন ডলার রয়্যালটি প্রদান করেছে, যা স্ট্রিমিং জায়ান্টটির ২০ বছরের ইতিহাসে মোট প্রদানের পরিমাণকে প্রায় ৭০ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এই বিপুল অঙ্কের অর্থের একটি বড় অংশ গিয়েছে সেইসব শিল্পীদের পকেটে, যারা বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, গত বছর কেবল স্পটিফাই থেকেই ১০ লাখ ডলার বা তার বেশি আয় করেছেন ১,৫০০-এরও বেশি শিল্পী।
আয়ের এই ঊর্ধ্বমুখী গ্রাফ কেবল শীর্ষ তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তথ্য বলছে, গত বছর ১৩,৮০০-এর বেশি শিল্পী অন্তত ১ লাখ ডলার আয় করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ১,৪০০ জন বেশি। এমনকি তালিকার একেবারে শীর্ষে থাকা ৮০ জন শিল্পী প্রত্যেকে ১০ মিলিয়ন ডলারের বেশি রয়্যালটি অর্জন করেছেন। আয়ের এই বৈপ্লবিক পরিবর্তন বোঝাতে স্পটিফাই জানিয়েছে যে, ২০১৫ সালে যেখানে তালিকার ১ লাখতম স্থানে থাকা শিল্পী মাত্র ৩৫০ ডলার আয় করতেন, ২০২৫ সালে সেই একই অবস্থানে থাকা শিল্পী আয় করছেন ৭,৩০০ ডলারের বেশি।
তবে স্ট্রিমিং থেকে শিল্পীদের প্রাপ্য পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের প্রেক্ষাপটে স্পটিফাই স্পষ্ট করেছে যে, তারা সাধারণত রেকর্ড লেবেল ও মিউজিক পাবলিশারদের এই অর্থ প্রদান করে, যারা পরবর্তীতে নিজেদের কমিশন রেখে মূল শিল্পী ও গীতিকারদের মধ্যে তা বণ্টন করে দেয়। ২০২৫ সালে পাবলিশিং খাতেও সর্বোচ্চ অর্থ প্রদানের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। গত দুই বছরে গীতিকারদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোকে প্রায় ৫ বিলিয়ন ডলার প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও স্পটিফাইয়ের প্রভাব এখন আরও বিস্তৃত। বর্তমানে ৭৫টি ভিন্ন দেশের শিল্পীরা এই প্ল্যাটফর্ম থেকে ৫ লাখ ডলারের বেশি রয়্যালটি জেনারেট করছেন। পাশাপাশি ভাষার সীমানা ছাড়িয়ে গ্লোবাল টপ ফিফটি তালিকায় এখন ১৬টি ভিন্ন ভাষার গান স্থান করে নিয়েছে, যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশেষ করে ব্রাজিলিয়ান ফাঙ্ক, কে-পপ এবং ল্যাটিন ট্র্যাপের মতো ঘরানার গানগুলো আয়ের দিক থেকে দ্রুততম প্রবৃদ্ধি অর্জন করছে।
সংগীতের এই বিশ্বজনীন প্রসারে স্পটিফাই এখন কেবল একটি অ্যাপ নয়, বরং বিশ্বজুড়ে শিল্পী ও স্রষ্টাদের আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে।
সূত্র: ভ্যারাইটি
বিডি প্রতিদিন/কেএইচটি