দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মহল্লা। বৈশাখী টিভি-তে প্রচারিত এ ধারাবাহিক নাটকটি প্রচারের পর থেকেই দর্শকদের আগ্রহ কাড়ছে।
পুরান ঢাকার পটভূমিতে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান এবং রচনা করেছেন বিদ্যুৎ রায়। নাটকটিতে অভিনয় করেছেন যাহের আলভী, তন্ময় সোহেল, আইরিন সুলতানা, তিথি ইফতি, আব্দুল্লাহ রানা, রেশমী আহমেদ, সাবা সুম্মিতা, সিয়াম মৃধা, অনন্ত ইসলাম, সামিহা, রকি খান, সাইকা আহমেদ, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, আযান, মাসুদ মহিউদ্দিন, শহীদ উন নবী, জাবেদ গাজী, সাগর রহমান, মারশাল, সিয়াম, নাসির, রাহি, আয়েশা নাফিজা, অনুভব, মেহেজাবিন, উপমা আহমেদসহ আরও অনেকে।
নাটকটি প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে।
নাটকের কাহিনিতে পুরান ঢাকার একটি মহল্লাকে ঘিরে নানা ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী মাসুম ও বাবুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মাসুমকে আড়ালে ‘মুরগি মাসুম’ এবং বাবুকে ‘বদনা বাবু’ নামে ডাকা হয়। তাদের পারিবারিক শত্রুতার সূত্র ধরেই দুই তরুণের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে। মাসুমের বিশ্বস্ত সহযোগী ‘দুম্বা নাসির’ এবং বাবুর সহযোগী ‘উগান্ডা মানিক’ এই দ্বন্দ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাসুম ও বাবুর দ্বন্দ্বের আরেক কারণ সাবেক কাউন্সিলর বিজলীর দুই মেয়ে আদুরী ও ময়না। মাসুম ভালোবাসে বড় মেয়ে আদুরীকে আর বাবু ভালোবাসে ছোট মেয়ে ময়নাকে। এ সম্পর্ক ঘিরে নানা ভুল বোঝাবুঝি ও মজার ঘটনা তৈরি হয়।
অন্যদিকে মহল্লায় বসবাসরত সোবহান-শেলী দম্পতির পরিবারও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মেয়ে সূচনা স্পষ্টভাষী ও রাগী স্বভাবের হলেও সে ভালোবাসে অন্তরকে। আবার ছেলে অনিক রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে এবং নানা ঘটনার মধ্য দিয়ে সে স্থানীয় ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
গল্পের আরেক ধারা গড়ে ওঠে বাজারের ব্যবসায়ী ফারুক ও শরিফকে ঘিরে। তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজেদের ব্যবসায়িক সুবিধা আদায়ের চেষ্টা করে।
বিভিন্ন দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন ও সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। তবে শেষ পর্যন্ত লোভ, ক্ষমতার অপব্যবহার ও বিদ্বেষের পরিবর্তে মানবতার জয়ই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিক নাটকে।
বিডি প্রতিদিন/হিমেল