সারাদেশ থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে নানা আয়োজনে শেষ হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন।
শনিবার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সমাপনী দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা।
এরপর সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মফিদুল হককে সভাপতি, বুলবুল ইসলামকে নির্বাহী সভাপতি, লিলি ইসলামকে সাধারণ সম্পাদক এবং জহিরুল হক খানকে কোষাধ্যক্ষ করে ৬১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় “বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সঙ্গীত” শীর্ষক সেমিনার। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল।
বিকেল সাড়ে ৪টায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এ সময় শোক প্রস্তাব পাঠ করেন জহিরুল হক খান এবং সম্মেলনের ঘোষণা পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে রবীন্দ্রপদক ও গুণী সম্মাননা প্রদান করা হয় অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনকে। শংসাবচন পাঠ করেন লাইসা আহমদ লিসা। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক লিলি ইসলাম এবং সভাপতির বক্তব্য দেন মফিদুল হক।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, সংগীত, নৃত্য, আবৃত্তি ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই বার্ষিক অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/মুসা