ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোনো দল কেনেননি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এর পেছনের কারণ তুলে ধরেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি খেলাধুলায় আগ্রহী অভিষেক জানান, স্কুলজীবন থেকেই ক্রীড়াচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কারও জিতেছেন। পেশাগত ব্যস্ততার মধ্যেও সেই আগ্রহ বজায় রেখেছেন এবং ইতোমধ্যে কাবাডি ও ফুটবলে দল কিনেছেন।
তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল কেনার সুযোগ থাকলেও শুরুতে তা থেকে সরে দাঁড়ান তিনি। অভিষেকের ভাষ্য, আইপিএল শুরুর সময় তিনি ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে ছিলেন এবং সে সময় দল কেনার মতো আর্থিক সামর্থ্য তার ছিল না।
শুধু অর্থনৈতিক কারণই নয়, সিদ্ধান্তের পেছনে ছিল ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও। তিনি জানান, তিনি এমন মালিক হতে চান না, যিনি শুধু গ্যালারিতে বসে উপস্থিতি জানান দেবেন। বরং কোনো দলের সঙ্গে যুক্ত হলে খেলোয়াড়দের প্রস্তুতি, ডায়েট ও সামগ্রিক ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশ নিতে চান।
এছাড়া আইপিএলের মতো বড় আসরে বিসিসিআইয়ের দক্ষ ব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তিনি। এমন একটি সুসংগঠিত কাঠামোয় তিনি ঠিক কী নতুন অবদান রাখতে পারবেন, তা নিয়েও তার মনে প্রশ্ন ছিল।
তবে ভবিষ্যতে আইপিএলে যুক্ত হওয়ার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি অভিষেক। পরিস্থিতি অনুকূলে এলে এই লিগে বিনিয়োগের কথা ভাবতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এম.এস