একটি অনুষ্ঠানে আলোকচিত্রীর (পাপারাজ্জি) সঙ্গে নিরাপত্তারক্ষীদের বাগবিতণ্ডার জেরে বলিউড অভিনেতা গোবিন্দের ক্ষমা চাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। তিনি সাফ জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওতে গোবিন্দ ওই পাপারাজ্জির কাছে মোটেও ক্ষমা চাননি, কারণ সেখানে অভিনেতার কোনো ভুল ছিল না।
সম্প্রতি ‘মিসেস ইন্ডিয়া কুইন পেহচান মেরি সিজন ৪’ নামক একটি বিউটি পেজেন্টের গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ। অনুষ্ঠান শেষে তিনি যখন ভেন্যু থেকে বের হচ্ছিলেন, তখন ভক্ত ও পাপারাজ্জিদের ভিড় জমে যায়। ভিড় সামলাতে গিয়ে গোবিন্দের এক নিরাপত্তারক্ষী সোহেল ফিদাই নামের এক ভিডিও সাংবাদিককে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই গোবিন্দ নিজে এগিয়ে আসেন এবং উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
ভিডিওতে দেখা যায়, গোবিন্দ তার নিরাপত্তারক্ষীকে উদ্দেশ করে বলছেন যে ওই আলোকচিত্রী তার ‘বন্ধু’। এরপর তিনি সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হয়।
তবে এ বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরে গোবিন্দের ম্যানেজার শশী সিনহা একটি সংবাদমাধ্যমকে বলেন, সেখানে গোবিন্দের কোনো দোষ ছিল না, তাই তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। গোবিন্দ একটি নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, অথচ পাপারাজ্জিরা একটি নিষিদ্ধ বা সংরক্ষিত এলাকায় তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিলেন। নিরাপত্তারক্ষীরা কেবল তাদের দায়িত্ব পালন করছিলেন মাত্র। তিনি আরও যোগ করেন, ভিড়ের মধ্যে কার কী পরিচয় তা সব সময় নিরাপত্তারক্ষীদের পক্ষে জানা সম্ভব হয় না। তারা শুধু দায়িত্বের খাতিরেই সেখানে বাধা দিয়েছিলেন।
অন্যদিকে, ভুক্তভোগী ভিডিও সাংবাদিক সোহেল ফিদাই জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা তাকে ধাক্কা দেওয়ায় এই ঝামেলার সূত্রপাত হয়েছিল। তবে অভিনেতা গোবিন্দের আচরণ নিয়ে তার কোনো ক্ষোভ নেই। তিনি জানান, গোবিন্দ ব্যক্তিগতভাবে অত্যন্ত নম্র ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন এবং পুরো ঘটনার পর গাড়িতে ওঠার আগে তাকে একটি সাক্ষাৎকারও দিয়েছেন।
সূত্র: মিড-ডে
বিডি প্রতিদিন/কেএইচটি