একটি পাখি, যাকে দূর থেকে দেখলে ভুল করে বড় কোনো মৌমাছি বলে মনে হতে পারে। অথচ সেটিই পৃথিবীর সবচেয়ে ছোট পাখি-বি হামিংবার্ড। কিউবার এই ক্ষুদ্র বাসিন্দার দৈর্ঘ্য মাত্র ৫-৬ সেন্টিমিটার, ওজন দুই গ্রামেরও কম। মানুষের হাতের তালুতে বসলে মনে হয়, বাতাসেই বুঝি হারিয়ে যাবে। পাখিটি একটি পয়সার চেয়েও হালকা!
কিন্তু আকারে ছোট হলেও ক্ষমতায় বিশাল। বি হামিংবার্ডের হৃদ্স্পন্দন মিনিটে এক হাজারের বেশিবার হয়। এর ডানা সেকেন্ডে প্রায় ৮০ বার নড়ে, ফলে এটি বাতাসে স্থির হয়ে থাকতে পারে-ঠিক হেলিকপ্টারের মতো। শুধু তাই নয়, এটি সামনে-পেছনে, এমনকি উল্টো দিকেও উড়তে পারে, যা পাখিদের মধ্যে প্রায় অনন্য।
এই পাখির জীবন ফুলকে ঘিরেই। ফুলের মধু খেতে খেতে পরাগায়ন করে, গাছের বংশধারা টিকিয়ে রাখতে রাখে নীরব ভূমিকা। এর ডিম কফি বিনের চেয়েও ছোট। এত ক্ষুদ্র প্রাণী হয়েও প্রকৃতির ভারসাম্যে যার অবদান বিশাল। পরাগায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে পৃথিবীর এই ক্ষুদে বাসিন্দা। বি হামিংবার্ড তাই সত্যিকার অর্থেই ডানায় ধরা এক বিস্ময়। তবে পাখিটি খুব স্পর্শকাতর। পরিবেশ ধ্বংস হলে তার নেতিবাচক প্রভাব সবার আগে পড়ে এই ক্ষুদ্র প্রজাতিগুলোর ওপর।