শুক্রবার ছুটির দিনেও রাজধানী ঢাকা ছিল ভয়াবহ বায়ুদূষণের কবলে। সকাল ১০টার দিকে বিশ্বের ১২০টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। বায়ুমান সূচকে স্কোর ছিল ৩১৮, যা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত। এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত স্কোর ছিল ৩৬৪।
ছুটির দিনে বন্ধ ছিল বেশির ভাগ কলকারখানা। সড়কে যানবাহন ছিল কম। তবু ধুলায় ঢাকা ছিল রাজধানীর আকাশ। কোনো এলাকার বায়ুমান ৩০০ পার হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ পরিস্থিতি বলে ধরা হয়। বায়ুদূষণের সর্বোচ্চ স্তর এটি। গতকাল সকালে রাজধানীর আটটি এলাকায় বায়ুর মান ৩০০ ছাড়িয়ে যায়।
বায়ুমান সূচকে কিছু এলাকার স্কোর ৫০০ ছাড়িয়ে যায়।
গতকাল সকালে দূষণের শীর্ষে থাকা পুরান ঢাকার বেচারাম দেউড়ির স্কোর ছিল ৫৪৯। গুলশান লেক পার্কে ৫১৯, ইস্টার্ন হাউজিংয়ে ৪৫১, দক্ষিণ পল্লবীতে ৪৪১ ছিল স্কোর।