মরুভূমির পাথরের ভিড়ে হঠাৎ করে যদি কোনো ‘পাথর’ ফুল ফোটাতে শুরু করে, তখনই বোঝা যায় এটি আসলে গাছ। এমনই অদ্ভুত এক উদ্ভিদের নাম লিথপস, যাকে সাধারণভাবে বলা হয় জীবন্ত পাথর গাছ। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার শুষ্ক মরুভূমিতে জন্মানো এই ক্ষুদ্র উদ্ভিদ প্রকৃতির অসাধারণ অভিযোজনের এক অনন্য উদাহরণ। লিথপসের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য তার চেহারা। এর শরীর মাত্র দুটি মোটা পাতার সমষ্টি, যা দেখতে প্রায় পাথরের মতো। রং ও নকশাও আশপাশের নুড়ি-পাথরের সঙ্গে এমনভাবে মিলে যায় যে দূর থেকে এটি আলাদা করা প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা মনে করেন, শিকারি প্রাণীর চোখ এড়াতে এই ছদ্মবেশ তৈরি হয়েছে। এই উদ্ভিদের আকার খুবই ছোট সাধারণত উচ্চতা দুই থেকে পাঁচ সেন্টিমিটার। অধিকাংশ অংশ মাটির নিচে থাকে, শুধু ওপরের পাতার অংশটুকু দেখা যায়। এতে সূর্যালোক প্রবেশের জন্য পাতার ওপর ছোট স্বচ্ছ অংশ থাকে, যা গাছের ভিতরে আলোকসংশ্লেষে সাহায্য করে।
লিথপস বছরে একবার ফুল ফোটায়। সাধারণত শরৎকালে পাতার মাঝখান থেকে সাদা বা হলুদ রঙের ডেইজি ফুলের মতো একটি ফুল বের হয়। মরুভূমির কঠিন পরিবেশেও এই ফুল বেশ আকর্ষণীয় দৃশ্য তৈরি করে। পানির প্রয়োজনও খুব কম। অল্প বৃষ্টিতেই এটি দীর্ঘ সময় টিকে থাকতে পারে। অতিরিক্ত পানি বরং গাছটির জন্য ক্ষতিকর হতে পারে। আজকাল লিথপস সারা বিশ্বে জনপ্রিয় শৌখিন উদ্ভিদে পরিণত হয়েছে। ছোট টবে সহজে জন্মানো যায় বলে অনেকেই ঘরের সাজসজ্জায় এটি ব্যবহার করেন।