রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ায় যাতায়াতে স্বস্তি এলেও এর আশপাশের এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় এবং এর দুই পাশে ৫০০ মিটার ব্যাসার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা গত ৯ বছরে ৩ থেকে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ এ গবেষণা আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস-এ প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, ২০১৫ সালে গড় তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৩ সালে বেড়ে ৩৩.৩ ডিগ্রিতে পৌঁছায়।
গবেষকদের মতে, মেট্রোরেল নির্মাণের সময় গাছপালা অপসারণ, কংক্রিট কাঠামোর তাপ শোষণ ও বায়ু চলাচলে বাধা তৈরি হওয়ায় এ তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে।