ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। যারা আইন হাতে তুলে নেওয়ার বা আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এ ছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদেরও সরকার কঠোর হাতে দমন করবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যপারে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের পার্টি নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু তারা সেটা না করে রাইফেল-পিস্তল নিয়ে নেমেছে খুন করতে। তারা নিজেরাই নিজেদের আউট করে দিয়েছে।’