শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৭টায় রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে, জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার নৃশংস চেষ্টা চালানো হয়। সেই শোকাবহ স্মৃতি স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
বিএনপি ঢাকা মহানগর নেতাদের নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি যখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই দেশের শত্রুরা হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হয়েছে।’ তিনি বলেন, এই দিনে বিএনপির পক্ষ থেকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মৎস্যজীবী দল (ঢাকা মহানগর উত্তর), ঢাকা মহানগর যুবদল, জাতীয়তাবাদী তাঁতী দল, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি, গণফোরাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ভাসানী জনশক্তি পার্টি ও নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাসদ (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় জনতা পার্টি, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী কমিউনিস্ট লীগ, আমার বাংলাদেশ (এবি পার্টি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।