সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঘটনাটি তার মাথায় ‘বাজ পড়ার’ মতো। গতকাল বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি হাদির প্রসঙ্গ টেনে এ কথা বলেন। নির্বাচন কমিশন-ইসির সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলে সন্ধ্যা পর্যন্ত। রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় শুক্রবার চলন্ত রিকশায় থাকা অবস্থায় হাদির মাথায় গুলি করা হয়। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগের দিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেন সিইসি।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, এই ঘটনায় মনে হয়েছে- আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটি অত্যন্ত দুঃখজনক।
তফসিল ঘোষণার পরপরই এ ধরনের সহিংস ঘটনা নির্বাচনকালীন পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে জনমনে। নির্বাচন কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।