প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। গতকাল সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি না- এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দু-একটা খুনখারাবি হয়। হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সব সময় ছিল। আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হন নাই? এরকম তো অনেক আগেও হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব যে ফরমার ফরেন মিনিস্টার- তিনি কি খুন হননি? ইলেকশন আসলে এ ধরনের ঘটনা হয়। বাংলাদেশে এগুলা নতুন কিছু নয়। বরং এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।’ সিইসি নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার টু মুভ এহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে আর সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনোই শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, যাতে সবাই মিলে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি।’ প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিইসির বক্তব্য নিয়ে ইসির ব্যাখ্যা : ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গণমাধ্যমে এমন বক্তব্য প্রচারের পর ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। ব্যাখ্যায় বলা হয়, ১৫ ডিসেম্বর সকালে প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের একটি অংশকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে ইসি বলেছে, প্রধান নির্বাচন কমিশনার মূলতঃ তাঁর বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কমিশন শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ইসি বলেছে, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে বলে কমিশন মনে করে।