বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। দুজনের পক্ষে গতকাল পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর), ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) ও দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) ও বগুড়া-১ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গতকাল বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও আলী আজগর তালুকদার হেনা। একই দিনে বগুড়া-৭ (গাবতলী) আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। এ ছাড়া ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তিনটি আসনেই বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। তাঁরা হলেন বগুড়া-৭ (গাবতলী) আসনে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ আলম, ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। গুরুতর অসুস্থ থাকার কারণে তিনটি আসনেই সাবেক এই প্রধানমন্ত্রীর হাতের আঙুলের টিপসই নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।