জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। জাতির বিভক্তি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কোনো বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডা. শফিকুর রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলিতভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।