গণভোট সবার সামনে সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দেশের মালিক নাগরিকরা। আসুন সবাই মিলে বলি, এই রাষ্ট্রের মালিক আমরা। আমরা এর ভবিষ্যৎ ঠিক করে দেব। এটাই সুযোগ। এ সুযোগ প্রতিদিন আসবে না। গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে গতকাল বরিশাল নগরীর বেলসপার্কে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, অতীতে যেসব গণভোট হয়েছে সেগুলোর আগে সিদ্ধান্ত নিয়ে পরে সম্মতি চাওয়া হয়েছে। এবার আগে সম্মতি চাওয়া হচ্ছে। পরে তা বাস্তবায়ন করা হবে। এটা হচ্ছে পার্থক্য। আগে আপনি, তার পর আপনাদের প্রতিনিধি। আপনাকে ছাড়া আপনাদের প্রতিনিধি নয়। সেটাই আপনার হাতে। বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে। চাবির মতো করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এ চাবি দিয়ে দরজা খুলুন। ইমামদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের শ্রদ্ধার পাত্র। আপনাদের গ্রহণযোগ্যতা অভাবনীয়। বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। সেগুলো মোকাবিলা করেই সবাইকে বোঝাতে হবে। আলী রীয়াজ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিশ্বাস থাকবে, ভিন্ন ভিন্ন দল থাকবে, সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট। সেটা সাদা রঙের। গোলাপি রঙে ব্যালট পেপার থাকবে, সেটা সবাই মিলে রায় দিই ‘দেশ কীভাবে চলবে’।
তিনি বলেন, কেউ বলবে, জাতীয় সংসদের নির্বাচনে মার্কা থাকবে। গণভোটের মার্কা কী? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওটাই গণভোটের মার্কা, ওটাতে ভোট দিতে হবে।