পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের আগে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে বিদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বাংলাদেশে আসার প্রয়োজন তারা ভিসা নিয়ে আসবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে বলা হয়, নির্বাচন সামনে রেখে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস বাংলাদেশ অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। ভারতীয়দের জন্য বাংলাদেশে ভিসা চালু করা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ভিসা বন্ধ রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে এটা করা হয়েছে।
তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাতে চাইছি-স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গত এক বছরে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আরও কিছু কিছু কাজ করা যেতে পারে। সেগুলোর অগ্রগতি হলে আপনারা জানতে পারবেন।’