জুলাই জাতীয় সনদসংক্রান্ত গণভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। কারণ পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষ নিয়েছে। যেহেতু এ সরকার সংস্কারের পক্ষে, তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লার (রহ.) মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। যাতে এ দেশে অপশাসন বা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো দৈত্য না হয় সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভোট দিতে না পারলেও এবার ভোট দিতে পারবে। এ সরকার কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন তিনি।