শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রয়্যাল কোর্টের বরাতে এসব তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৯০ বছর বয়সি বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে এর বাইরে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এসপিএর তথ্যমতে, সর্বশেষ গত মঙ্গলবার তিনি মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের শাসক বাদশাহ সালমান ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছিলেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। রয়্যাল কোর্ট ইঙ্গিত দেয়নি বর্তমান পরীক্ষাগুলো কোনো নতুন স্বাস্থ্যগত উদ্বেগের সঙ্গে সম্পর্কিত। বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ইন্তেকালের পর তিনি সিংহাসনে আরোহণ করেন। এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।