কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তিরা হলেন সালেহ আহম্মদ মেম্বার (৬৫) ও আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে দেলোয়ার হোসেন নয়ন (৩০)। এসব তথ্য নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হলেও তার রেশ থেকে যায়। ওই ঘটনার জেরেই দুই পক্ষ শুক্রবার রক্তক্ষয়ী সংঘর্ষের জড়িয়ে পড়ে। যদিও চার দিন ধরে বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক এবং শুক্রবার সকালে উভয় পক্ষকে সংঘাতে জড়াতে বারণ করেন বলে দাবি চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়ার।