নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমেনা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী আমেনা বাড়ি ফেরার পথে কেরাব রাস্তার মোড়ে দু-তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমেনা ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরে ডাকচিৎকার করেন। একপর্যায়ে এক ছিনতাইকারী আমেনার গলায় ছুরিকাঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই এক ছিনতাইকারী (২৫) নিহত হয়। পরে আমেনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।