ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘কূটকৌশল’-এর অভিযোগ তুলে এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর ব্যবস্থা নিতে বলেছে বিএনপি। একই সঙ্গে দলটির প্রতি ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান। এদিকে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন ভবনের সামনে গতকাল সকালে অবস্থান নেয় ছাত্রদল। রাত পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলে। পরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজ বেলা ১১টা থেকে আবারও ইসির সামনে অবস্থান নেওয়ার কর্মসূচি স্থগিত ঘোষণা করে। এ সময় তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি ঘিরে সেখানে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরাও সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে পূর্বনির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবন সড়কে পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা তো বললাম যে মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু, যেটি আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবপ্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদতে এই ঘটনাটি ঘটেছে। তো যদিও তারা হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অবগত নই।’