বাংলাদেশ কি আইসিসি টি-২০ বিশ্বকাপে খেলতে পারবে? এ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। কয়েক সপ্তাহ আগেও টাইগারদের বিশ্বকাপ খেলার প্রস্তুতি চলছিল পুরোদমে। সবকিছুই ঠিকঠাক ছিল। তবে আইপিএল থেকে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাদ দেওয়ায় পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বকাপেও ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়। না হলে গ্রুপ পরিবর্তন করার বিষয়টিও আলোচনায় নিয়ে আসে বিসিবি। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কোনোটাতেই সায় দেয়নি বলে জানিয়েছে ক্রিকইনফো। খেলতে হলে নাকি ভারতেই যেতে হবে। বার্তা সংস্থা এএফপি আইসিসির সূত্রে জানিয়েছে, বাংলাদেশ না খেললে র্যাঙ্কিংয়ের হিসাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্যও খুব বেশি সময় নেই বাংলাদেশের হাতে। বুধবারের (কাল) মধ্যেই জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ক্রিকইনফোর দাবি অস্বীকার করেছে বিসিবি।
বাংলাদেশকে নির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা জানায়নি আইসিসি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দিই যে ভেন্যুতে (ভারতে) খেলতে অপরাগ।’ আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিকল্প ভেন্যু নিয়ে কথা হয়েছে বিসিবির। কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি বলে জানান আমজাদ। তিনি বলেছেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।এই পরিস্থিতিতে সবার মধ্যেই ধোঁয়াশা। অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ক্রিকেটাররাও। তাদের প্রস্তুতি স্থবির হয়ে গেছে। বিশ্বকাপ খেলা হবে কি না, এ প্রশ্ন সবার মধ্যে। চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এর জন্য অপেক্ষা করছে সবাই। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা শীর্ষ সারিতে। আনন্দবাজার পত্রিকায় ‘বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিল আইসিসি, বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে’ শিরোনামে সংবাদে বিষয়টি নিয়ে লম্বা রিপোর্ট করেছে। এসব প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বকাপ না খেললে, স্কটল্যান্ডের সুযোগের বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে এসব বক্তব্য অস্বীকার করেছে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে সবাইকে।