নির্বাচন কমিশনের বাছাই পর্ব এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবে। গতকাল দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা লোকমান হোসাইন জাফরী বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি জানান, তাঁরা শান্তিপূর্ণ ও নৈতিক নির্বাচনি পরিবেশে জনগণের কাছে ইসলামি শাসনব্যবস্থার বার্তা পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে ইসলামী আন্দোলন ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছিলেন, দলটি শুরুতে ২৭০ আসনে মনোনয়নপত্র জমা দেয়, যার মধ্যে দুটি বাতিল হয়। বাকি ২৬৮ আসনে মনোনয়নপ্রাপ্তদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয় এবং কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলেও ঘোষণা দেওয়া হয়েছিল। গাজী আতাউর রহমান তখন বলেন, ‘আমরা ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেব। ইসলামপন্থি শক্তির সব ভোট এক বাক্সে ফেলতে চাই।’ তবে পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের বাছাই ও রাজনৈতিক সমঝোতার বাস্তবতায় কয়েকটি আসনে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে চূড়ান্তভাবে ২৫৯ আসনে দলটির প্রার্থিতা নিশ্চিত হয়।
৩০ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল এনসিপি : জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনি জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার আওতায় থাকা ৩০ আসনের মধ্যে ফাঁকা রাখা বাকি তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। গতকাল প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম। তিনি জানান, নেত্রকোনা-২ আসনে ফাহিম পাঠান, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ এবং রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
খেলাফত মজলিসের ২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা : ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২৯ প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। গতকাল দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ২৯ আসনের মধ্যে ২৩টি সংসদীয় আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের আওতায় খেলাফত মজলিসের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপর ছয়টি আসনে উন্মুক্ত ভিত্তিতে নির্বাচন করবে। সেগুলো হলো- সুনামগঞ্জ-৩ ও কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার-৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি, ফেনী-২ আসনে এবি পার্টি ও ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে উন্মুক্ত ভিত্তিতে খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।