সিলেটের জৈন্তাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। বিজিবি সদস্যদের সঙ্গে চোরাচালানে যুক্ত কয়েক যুবকের বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। বৃহস্পতিবার রাতে সীমান্তের টিপরাখলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় স্থানীয় কয়েক যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামের লোকজন বিজিবির ওপর হামলা চালায়। গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে জাহাঙ্গীর আলম নামের এক বিজিবি সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হন। আত্মরক্ষার্থে বিজিবি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আতিক নামের এক যুবক গুলিবিদ্ধ হন। এ ছাড়া ইটপাটকেলে কয়েকজন বিজিবি সদস্যসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। গরু আটকের ঘটনার জেরে চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।