বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, একটা লেভেল (প্লেয়িং) ফিল্ড আমরা বিশ্বাস করি। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়, ইনশাআল্লাহ বিএনপির জয় নিশ্চিত হবে, ধানের শিষের জয় নিশ্চিত হবে। সুতরাং আমাদের প্রত্যাশা আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগ নিন।
সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কী ধরনের একটা ইঞ্জিনিয়ারিং করেছিল সেটা কিন্তু আপনারা তুলে ধরেছেন। বাংলাদেশে মোটামুটি এখন সবাই জানেন যে, পোস্টাল ব্যালটটাকে কীভাবে একটা নির্দিষ্টভাবে সুবিধার জন্য কিংবা আমাদের অসুবিধার জন্য কাজ করা হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা দেখছি, সেখানে কখনো উঠছে যে ভোটার মাইগ্রেশন হয়েছে বিপুল সংখ্যক। ঢাকায় বেশকিছু জায়গায় আমরা দেখছি অনেক বোরকা তৈরির কথা বলা হচ্ছে। আমরা দেখেছি অনেক ধরনের কথা হচ্ছে। আসুন সবাই মিলে নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম-কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে দেশের জন্য দেশের মানুষের জন্য একসঙ্গে কাজ করি। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূণ নির্বাচন, কারণ ১৬ বছর এই দিনের জন্য লড়াই করেছি। ১৬ বছরের যে সুদীর্ঘ সংগ্রাম ছিল, যে গণ অভ্যুত্থান ছিল, তার মূল উদ্দেশ্য এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণ যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতার উৎস।