জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এবারের নির্বাচন পরিবর্তন ও সংস্কারের। দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে সংস্কার এবং পরিবর্তনের প্রতীক।’ গতকাল সাভারের শাহীবাগে মাতৃবাগান জামে মসজিদসংলগ্ন মাঠে ১১-দলীয় জোটের নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে ঢাকা-১৯ আসনে এনসিপি মনোনীত ১১ দলের প্রার্থী দিলশানা পারুল, জামায়াতের ঢাকা জেলা আমির দেলোয়ার হোসাইন, সেক্রেটারি আফজাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, এই দেশের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সময়। ১ হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারছি। কোনো ব্যক্তিস্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়, আমাদের ১১ দলকে জয়যুক্ত এবং সরকার গঠন করতে হবে। ১১ দলের জয় ও সরকার গঠনের মধ্য দিয়েই সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করা সম্ভব হবে।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘যে বাংলাদেশের জন্য জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, আমাদের ভাই শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন সেই ইনসাফের ও ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। দিল্লির তাঁবেদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির তাঁবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না।’
দেশের বিভিন্ন জায়গায় ১১-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, ‘শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় পুরোনো কায়দায়, ফ্যাসিস্টদের কায়দায় তাদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।’-