বর্তমান অন্তর্র্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। গতকাল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান আশিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে ফের অচলাবস্থা দেখা দিয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। গত সপ্তাহে টানা ছয় দিন কর্মবিরতির পর গতকাল সকাল থেকে বন্দরে আবারও শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্দরের সবচেয়ে বড় স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি প্রক্রিয়া বন্ধের স্পষ্ট ঘোষণাসহ চার দফা দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এ ধর্মঘট ডেকেছে। অপরদিকে বন্দরে ধর্মঘট চলতে দেওয়া যায় না উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে যাবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি করার চেষ্টা করছে। আর কয়েকদিন পরে রোজা। আমরা প্রতিনিয়ত নদীতে অভিযান চালাচ্ছি। বহির্নোঙরে পড়ে আছে ছোলা, ডাল ও তেল। ১৮ কোটি মানুষকে তারা জিম্মি করেছে। এটা চলতে দেওয়া যায় না। সরকার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, আজ (গতকাল) ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে একটি চিঠি পাওয়া গেছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই চিঠি এসেছে। চিঠিতে ডিপি ওয়ার্ল্ড ইজারা চুক্তি নিয়ে চলমান দর কষাকষির (নেগোসিয়েশন) অগ্রগতির প্রশংসা করেছে এবং এটা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেছে, এই নেগোসিয়েশন ভবিষ্যতে আরও এগোবে এবং সঠিক দিকেই যাবে। তিনি আরও বলেন, ‘অন্তর্র্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ রয়েছে আর দুই কার্যদিবস। যেহেতু তারা (ডিপি ওয়ার্ল্ড) সময় চেয়েছে, সে কারণে বিষয়টি বর্তমান সরকারের আমল পেরিয়ে নির্বাচন পরবর্তী সময়ে গিয়ে নেগোসিয়েশনটি আবারও কন্টিনিউ হতে পারে।’ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন, ‘এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না, আমার মনে হয়, এটা নিশ্চয়তার মাত্রা বিবেচনায় বলা যায়। কারণ আর দুই কার্যদিবস আছে। এর মধ্যে ওনারা (ডিপি ওয়ার্ল্ড) ফেরত আসবে, তারপর আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে এটাকে অনুমোদন করিয়ে স্বাক্ষর করব, সময়ের বিবেচনায় এই প্রক্রিয়াটা খুব কঠিন হবে।’
এদিকে ধর্মঘটের প্রথম দিনে গতকাল সকাল ৮টা থেকে ব্যাহত হয় বন্দরের স্বাভাবিক কাজকর্ম। গতকাল সন্ধ্যা পর্যন্ত বন্দর ইয়ার্ড থেকে খোলা পণ্য ও কনটেইনার ডেলিভারি হতে দেখা যায়নি। বন্দরের গেটগুলোতে ছিল না ট্রাক-কাভার্ড ভ্যানের চিরাচরিত ভিড়। জাহাজে পণ্য লোডিং-আনলোডিংও ব্যাহত হয়েছে। আগের আন্দোলন কর্মসূচিতে বহির্নোঙর আওতামুক্ত রাখা হলেও এবার সেখানেও ডাকা হয় ধর্মঘট। বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটারিংয়ের মাধ্যমে পণ্য খালাস হয়নি। অনেকটাই স্থবির হয়ে পড়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম। বন্দরের প্রবেশ গেটগুলোতে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা পাহারা। লাইটার জাহাজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শ্রমিকরা কাজ না করায় গতকাল বহির্নোঙরে পণ্য খালাস তেমন একটা হয়নি। তবে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের দাবি, বন্দরের কার্যক্রম সচল। আমদানিকারকরা চাইলে বন্দর থেকে তাদের পণ্য ডেলিভারি নিতে পারেন। গতকাল বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলনে বন্দরের আধুনিকায়ন এবং গতিশীলতা বৃদ্ধির জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দেওয়া প্রয়োজন বলেও তিনি জানান। একই সঙ্গে বন্দর জিম্মি করে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারার কারণে গতকাল আন্দোলনরত শ্রমিক নেতাদের বন্দর এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি। একাধিক ভিডিও বার্তায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, ধর্মঘট পালিত হচ্ছে। আন্দোলনরত ৭-৮ জন শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।