অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ সচিবদের উদ্দেশে ভাষণ দেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটিই সচিবদের সঙ্গে শেষ বৈঠক হতে যাচ্ছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে কিছু দিকনির্দেশনা এবং বিগত দিনে কাজের মূল্যায়ন নিয়েও কথা বলতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। সচিবদের সঙ্গে বৈঠকের পর আজই শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক হবে বলেও জানা গেছে।
আজ সকাল ১০টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে করবী হলে সচিবদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের সব সিনিয়র সচিব ও সচিবদের থাকতে চিঠি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনীর হায়দারকেও এ অনুষ্ঠানে থাকার চিঠি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শেষ বৈঠকই হওয়ার কথা। কারণ এরপর আর সময় নেই। সে হিসেবে সচিবদের ডাকা হয়েছে। সরকারের একজন সিনিয়র সচিব নাম প্রকাশ না করে বলেন, যেহেতু সরকারের শেষ সময়, নির্বাচনের পর আর কোনো বৈঠক হবে না সে কারণে এটিই সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার শেষ ভাষণ হতে যাচ্ছে। কারণ নির্বাচিত সরকার এলে দ্রুতই সরকার তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করবে এবং নতুন সরকার তাদের কাজ শুরু করবে। সরকারের দুজন সচিব বলেছেন, যেহেতু অনেকদিন এ সরকার কাজ করছে। প্রশাসনিক কাজে সব কিছুতে সচিবদের থাকতে হয়েছে। শেষ সময়ে আনুষ্ঠানিকতা হিসেবে এ ভাষণ এবং আসন্ন ভোট নিয়ে কিছু নির্দেশনা থাকতে পারে। সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনীর হায়দার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। সব সচিবকে থাকতে বলা হয়েছে। আমিও বৈঠকে থাকার জন্য চিঠি পেয়েছি। তবে প্রধান উপদেষ্টার সচিবদের সঙ্গে এটি শেষ বৈঠক কি না সেটা বলতে পারি না। যেহেতু ভোট আছে সে কারণেও কিছু নির্দেশনাও থাকতে পারে মনে করছি। ২০২৪ সালে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর পরের মাসে ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। সেই প্রথম বৈঠকে সচিবদের উদ্দেশে ৯টি নির্দেশনা দিয়েছিলেন।