অধস্তন আদালতের বিচারকদের ডিসেম্বরের এক মাসের অবকাশকালীন ছুটি এখন থেকে দুই ধাপে কাটাতে হবে। জুনের প্রথমার্ধে ১৫ দিন ও ডিসেম্বরের শেষার্ধে ১৫ দিন ছুটি থাকবে। গতকাল সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সভার একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাই কোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ ছাড়া ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে বলে জানানো হয়। এরই মধ্যে ছয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।