ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র থেকে আগত ২০০ জনের নির্বাচন পর্যবেক্ষক আজ মঙ্গলবার থেকে সারা দেশে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন। গতকাল ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকায় বর্তমানে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকা পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার তাদের মোতায়েন করা হবে। এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দেশে পৌঁছেছেন। পাশাপাশি ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়ে পর্যবেক্ষণের পরিধি বাড়াচ্ছেন।
এ ছাড়া ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তাদের সঙ্গে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সারা দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় কাজ করছেন। বার্তায় আরও জানানো হয়, নির্বাচনের দিন ইইউ পর্যবেক্ষকরা দেশের শহর, পৌর এলাকা ও গ্রামে ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফলের তালিকা পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস ইইউ মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও প্রতিবেদন উপস্থাপন করবেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আরও অন্তত ৩০টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তত ২৩টি দেশ এবং ৭টি আন্তর্জাতিক সংস্থার ৩৬৪ জন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে। ইইউর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফ্রেল)। পাশাপাশি ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন এবং কমনওয়েলথের ১৩ সদস্যের একটি দল পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন। কমনওয়েলথ প্রতিনিধিরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছে তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়াও বিভিন্ন দেশের স্বতন্ত্র প্রতিনিধিরা এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন। এর মধ্যে তুরস্ক থেকে ছয়জন সংসদ সদস্যসহ মোট ১০ জনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। এ ছাড়া চীন, জাপান, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ ১৯টি দেশের প্রতিনিধিরা সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। অন্যদিকে ভারতসহ আরও চারটি দেশের প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়ে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকছেন।