ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যেটুকু হয়েছে অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি। গতকাল নির্বাচন কমিশনে (ইসি) কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা। সিইসি বলেন, সবাই মিলে একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছি। আমাদের চেষ্টা ও কষ্ট সার্থক হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি যেকোনো মানদণ্ডে একটি বেশ ভালো নির্বাচন হিসেবে গণ্য করা যায়। সবার সহযোগিতা ছাড়া এই সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ১৭ লাখ লোক এখানে কাজ করেছে। তিনি আরও বলেন, আমি বলব না এটি একটি পারফেক্ট নির্বাচন, কারণ পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। তবে অতীতের ইতিহাসের যেকোনো মানদণ্ডে এটি একটি অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন। বর্তমানে রেফারেন্ডাম (গণভোট) ও পোস্টাল ব্যালট থাকার কারণে ভোট গণনায় কিছুটা সময় লাগছে। টেলিভিশন চ্যানেলে যে বেসরকারি ফলাফল দেখাচ্ছে তা তাদের নিজস্ব উৎসের, আমাদের অফিশিয়াল রেজাল্ট সিনিয়র সচিব ঘোষণা করবেন। আমরা সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করি এবং গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই সারা দেশ এই স্বচ্ছতা দেখছে।