বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সন্দ্বীপ চক্রবর্তী। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামের রাষ্ট্রদূত করা হয়েছে। ফলে দীর্ঘদিন পর একজন বাঙালি হাইকমিশনার পাচ্ছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকার গঠনের পর ঢাকায় যাবেন সন্দ্বীপ চক্রবর্তী। ২০১২-১৫ সাল পর্যন্ত তিনি ঢাকার ভারতীয় মিশনের উপ-হাইকমিশনার ছিলেন। তার পিতৃভূমি সিলেটে। ফলে বাংলাদেশ সম্পর্কে তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। এসব বিবেচনায় সন্দ্বীপ চক্রবর্তীকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে ভারত। এর আগে সন্দ্বীপ চক্রবর্তী পেরু ও বলিভিয়ার রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া স্পেন ও কলম্বিয়ার ভারতীয় দূতাবাসেও দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের যুগ্ম সচিব ও পূর্ব ইউরোপীয় অঞ্চলের দায়িত্ব পালন করেন।