পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগপত্র জমা দেওয়ার গুঞ্জন উঠেছে। গতকাল দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন এমন দাবি করেছে একাধিক সূত্র। তবে বাংলাদেশ প্রতিদিনকে পদত্যাগপত্র জমা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, ‘বিষয়টি সঠিক নয়। আমি পদত্যাগ করিনি’।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আইজিপি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। যদিও বৈঠকে এ বিষয়ে কোনো লিখিত বা চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। দুপুরের পর থেকে সদর দপ্তর ও বাহিনীর বিভিন্ন স্তরে পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র জমা দিলেই তা কার্যকর হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই তা চূড়ান্ত হয়। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার অনুমোদনের প্রয়োজন হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ দেওয়া হয়। তাঁর মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত পুরো বিষয়টি গুঞ্জন ও সূত্রনির্ভর তথ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।