নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণার পর যথাসময়ে নির্বাচিতদের নামসহ গেজেট প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের তড়িঘড়ি করা হয়নি। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। পরদিন শুক্রবার রাতেই ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট করা হয়। এবারের ভোট নিয়ে নানা ধরনের অভিযোগ তুলেছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। তড়িঘড়ি করে গেজেট করা নিয়ে প্রশ্ন তুলে দলটির নেতারা ৩২টি আসনে ফল পুনর্গননার দাবি নিয়ে গতকাল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। গতকাল ১১ দলের সঙ্গে বৈঠকের পর বিকালে এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রতিনিধি দলের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছি; উনাদের সমস্যার কথা তুলে ধরেছেন। তড়িঘড়ি করার প্রশ্নই আসে না।
দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান জানান, নির্বাচন প্রক্রিয়ায় ভোটগণনা, ফলাফল প্রকাশের ত্রুটির বিষয়ে পার্টিকুলারলি ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, ১৩ ফেব্রুয়ারি রাত ১১টায় গেজেট করা হয়েছে। গেজেট হয়ে যাওয়ার কারণে অভিযোগের সুযোগ নেই বলা হয়েছে। দলটির দাবির বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, গেজেট তড়িঘড়ি করে প্রকাশ হয়নি। বরং আইনের ভিতর থেকেই, নিয়ম অনুযায়ী যথাসময়ে প্রকাশ করা হয়েছে ফলাফলের গেজেট। প্রযুক্তির যুগে আরও আগে প্রকাশ করা গেলে ভালো হতো।
বিভিন্ন ধরনের অভিযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবার ভোট কেন্দ্র ব্যবস্থাপনা ছিল স্বচ্ছ এবং সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে। সবকিছু ছিল আয়নার মতো পরিষ্কার। যখন যে অভিযোগ আমাদের দৃষ্টিতে এসেছে শতভাগ এড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি। আইনগত দাবির বিষয়ে বিচার বিশ্লেষণের দরকার রয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগ থাকলে তারা হাই কোর্টে শরণাপন্ন হলে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে। গণপ্রতিনিধি আদেশের (আরপিও) ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ফল নিয়ে কোনো ধরনের বিরোধ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তি গেজেট প্রকাশের পরবর্তী ৪৫ দিনের মধ্যে হাই কোর্টে আবেদন করতে পারবে।
শেরপুর-৩ ও আসন ছেড়ে দেওয়ার পর ইসির সিদ্ধান্ত : ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জনের গেজেট করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর পর ভোট বাতিল রয়েছে; আসনটি ভোটের তফসিল পরবর্তীতে দেবে ইসি। এবার বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হয়েছেন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দুটি আসনের মধ্যে তিনি (তারেক রহমান) কোনটি রাখবেন ও কোনটি ছেড়ে দেবেন এখনো এ বিষয়টি ইসিতে আসেনি। শেরপুর-৩ নির্বাচনও করতে হবে। কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি কবে তফসিল। অচিরেই সিদ্ধান্ত নিলে জানানো হবে। আসন ছেড়ে দেওয়ার পর শূন্য ঘোষণা করে গেজেট করবে ইসি সচিবালয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।