রমজানের সময় দেশের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।
মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি গত বছরের ১৮ ডিসেম্বর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের ৮ নম্বর ক্রমিকে রোজা, ঈদ ও স্বাধীনতা দিবসসহ ছয়টি পর্বের জন্য ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন ছুটি রাখা হয়েছে। ৮ নম্বর ক্রমিকে অনুমোদিত ছুটির তালিকা চ্যালেঞ্জ করে গত ২০ জানুয়ারি হাই কোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির ৮ নম্বর ক্রমিকে উল্লেখিত অনুমোদিত ছুটি কেন বৈষম্যমূলক ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ৬ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘সরকারি-বেসরকারি এমপিওভুক্ত বা ইবতেদায়ি মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষের জন্য যে ছুটির তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, সেখানে রোজা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩০ দিন ছুটি রাখা হয়েছে। অথচ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি রাখা হয়েছে ১৯ দিন। এটি বৈষম্যমূলক।’